পাকিস্তান সুপার এইটে

Total Views : 11
Zoom In Zoom Out Read Later Print

সাহেবজাদা ফারহানের হার না মানা সেঞ্চুরিতে নামিবিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল পাকিস্তান। গতকাল কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারায় পাকিস্তান। আগে ব্যাট করে সাহেবজাদা ফারহানের হার না মানা ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান করে পাকিস্তান। জবাবে ১৭.৩ ওভারে পাকিস্তানি স্পিনার উসমান তারিকের ঘূর্ণিতে ১৭.৩ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস। ফলে বড় জয়ে সুপার এইট নিশ্চিত করে সালমান আলি আগার দল।

হারলেই বাদ, এমন সমীকরণের সামনে কোনো ভুল করেনি পাকিস্তান। তাই তো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। সাহেবজাদার সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংস সূচনা করতে এসে ১২ বলে ১৪ রানে থামেন ওপেনার সাইম আইয়ুব। এরপর ২৩ বলে ৩৮ রানের ক্যামিও উপহার দিয়ে আউট হন অধিনায়ক সালমান আলি আগা। বল সমান ৫ রান করে আউট হয়ে যান খাজা নাফে।

তবে একটা প্রান্ত ধরে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার সাহেবজাদা। ৩৭ বলে ফিফটির পরের ২০ বলে তিনি করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৮ বলে ১১ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন সাহেবজাদা। এটি তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় পাকিস্তানি হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। শেষদিকে নেমে ২২ বলে ১ চার ও ৩ ছক্কায় শাদাব খান করেন অপরাজিত ৩৬ রান। নামিবিয়ার জ্যাক ব্রাসেল ৪৮ রান খরচায় পান ২ উইকেট। জবাবে বড় লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল নামিবিয়া। পাকিস্তানি বোলারদের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা।

উসমান তারিক-শাদাব খানদের ঘূর্ণিতে ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় দলটি। নামিবিয়ার দু’জন ব্যাটার কেবল দুই অংক ছুঁতে পেরেছেন। এদের মধ্যে লরেন স্টিনক্যাম্প ২২ বলে ২৩ ও আলেকজান্ডার বুসিং ২০ বলে ২০ রান করেন। পাকিস্তানের উসমান তারিক ১৬ রানে ৪টি ও শাদাব খান ১৯ রানে ৩টি উইকেট পান। ম্যাচ সেরা হন পাকিস্তানের সেঞ্চুরিয়ান সাহেবজাদা ফারহান।

See More

Latest Photos