পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এই উপলক্ষে আজ রবিবার (২৪ মে) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের ঈদের জামাত ও ইমামদের সময়সূচি চূড়ান্ত করেছে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, ঈদের দিন সকাল ৭টায় প্রথম প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫টি জামাত, প্রথমটি সকাল ৭টায়
দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মাওলানা ওয়ালীযূর রহমান খান। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো: নাসির উল্লাহ।
সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো: আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন মো: রুহুল আমিন।
চতুর্থ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। এই জামাতে মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো: আব্দুল হাদী।
পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এই শেষ জামাতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে থাকবেন মো: আমির হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, কোনো জামাতে নির্ধারিত ইমাম কোনো কারণে অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো: শহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন মো: শামসুল হক।