জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে বাংলাদেশ হেলাল কমিটির উদ্যোগে চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি নিরসন বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতৃবৃন্দ বলপন, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহার চাঁদ দেখা ও আমলের বিষয়ে ইসলামী শরিয়তের বিধান উপেক্ষা করে কেউ কেউ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা-ঈদ পালন করে আসছেন। ফলে মুসলমানদের মাঝে অনৈক্য ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয় ও ইসলামী শরিয়তের বিধি-বিধান পালনের ক্ষেত্রে কুরআন-হাদিসের ভুল এবং অপর্যাপ্ত ব্যাখ্যা সাধারণ মুসলমান ও জনমনে এ বিভ্রান্তি সৃষ্টি করছে। কিছু অঞ্চলে ব্যক্তি উদ্যোগে এমন সিদ্ধান্ত গ্রহণে এই বিভ্রান্তি ও মতভেদ ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে। রোজা ও ঈদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে শরিয়তের সঠিক পদ্ধতি অনুসরণ করা অপরিহার্য।
একই দিনে রোজা-ঈদ পালন করা সম্ভব নয় : বাংলাদেশ হেলাল কমিটি
এই অপরিহার্য বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিধায় বাংলাদেশ হেলাল কমিটি কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে বাংলাদেশের প্রেক্ষিতে 'চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি নিরসন" বিষয়ক সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়।
দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ উপরোক্ত বিষয়ে কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে সঠিক সমাধান উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গর্ভনর ও বাংলাদেশ হেলাল কমিটির আহবায়ক ড. মুফতি কাফীলুদ্দীন সরকার সালেহী, ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন আজহারী, অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফী, ঢাকা দারুননাজাত কামিল মাদরাসার প্রধান মুফতি মাওলানা মুহাম্মদ ওসমান মান গনি সালেহী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার ড. মাওলানা হায়দার আলী আকন্দসহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।