পাকিস্তানে সেমির আশা ঝুলে রইলর নিউজিল্যান্ডের জয়ে

Total Views : 14
Zoom In Zoom Out Read Later Print

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা সুপার এইটের প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত করেছে। ইংল্যান্ডের পর তারা এবার হেরেছে নিউজিল্যান্ডের কাছে। এদিকে, লঙ্কানদের বিপক্ষে ৬১ রানের বড় জয়ে কিউইরা আরও বিপাকে ফেলে দিয়েছে পাকিস্তানকে। এর মধ্য দিয়ে কার্যত সালমান-শাহিনদের সেমিফাইনালে উঠার সমীকরণ আরও কঠিন হয়ে গেল।

কলম্বোতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাঝে বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত ১৬৮ রান তোলে নিউজিল্যান্ড। ২৬ বলে ৪৭ রান করেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। পরে লক্ষ্য তাড়া করতে নামা দাসুন শানাকার দলকে দাঁড়াতেই দেননি ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্ররা। রাচিন ৪ ও হেনরি ২ উইকেট শিকার করলে শ্রীলঙ্কা ২০ ওভারে মাত্র ১০৭ রান তুলতে সক্ষম হয়।  

নিউজিল্যান্ড এই জয়ে সেমিফাইনালে ওঠার পথ সহজ করেছে। যদিও এখনই তাদের সেমিফাইনাল কিংবা পাকিস্তানের বিদায় নিশ্চিত নয়। কেবল তাদের একটি প্রতিদ্বন্দ্বী (শ্রীলঙ্কা) কমেছে। আগেই দুই ম্যাচ জিতে সেমিতে উঠেছে ইংল্যান্ড। তাদের বিপক্ষে (২৭ ফেব্রুয়ারি) শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই ম্যাচে স্যান্টনারের দল জিতলে পাকিস্তানের সামনে আর কোনো সমীকরণ বাকি থাকবে না। ৫ পয়েন্ট নিয়ে কিউইরা উঠে যাবে সেরা চারে।

অন্যদিকে, সুপার এইটে পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, আগামী ২৮ ফেব্রুয়ারি। কিউইরা আগেরদিন ইংলিশদের হারিয়ে দিলে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হয়ে পড়বে কেবলই নিয়মরক্ষার। আবার নিউজিল্যান্ড হারলেই পাকিস্তানের কাজ শেষ হবে না, তাদেরও শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে। তখন নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট পাবে সালমান আগার দলও। এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে নেট রানরেট। পাকিস্তানকে লঙ্কানদের বিপক্ষে বড় জয়ের পাশাপাশি ইংল্যান্ডের কাছে কিউইদের বড় ব্যবধানে হারও কামনা করতে হবে।      

এদিকে, আরেকটি দুশ্চিন্তার কারণ আছে পাকিস্তানের সামনে। বিরূপ আবহাওয়া বা বৃষ্টির কারণে যদি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে তারা সমান একটি করে পয়েন্ট পাবে। ফলে ইংলিশদের (৫) পাশাপাশি ৪ পয়েন্ট নিয়ে কিউইরাও সেমিতে উঠে যাবে। কারণ পাকিস্তান শেষ ম্যাচ জিতলেও তিনের বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। আবার শ্রীলঙ্কার সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও আশা শেষ হয়ে যাবে তাদের। তখন কিউইরা ইংল্যান্ডের কাছে হারলেও সেমিতে উঠতে কোনো বাধা থাকবে না।

See More

Latest Photos