যাত্রাবাড়ী থানার আব্দুল কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (১৩ মার্চ) ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাত্রাবাড়ী থানার পুলিশ পরির্দশক (অপারেশনস) খালেদ হাসান গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কারের দাবিতে ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করছিলেন।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারে আদেশ
নথিতে আরও বলা হয়, ওই সময় গ্রেপ্তার হওয়া আসামি খায়রুল হকের উসকানিতে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা প্রায় দুই হাজার ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালায়। পরে বিকেলে কাজলা পুলিশ বক্সের সামনে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হলে আব্দুল কাইয়ুম বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে সালমান ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।