জাগপার পঞ্চগড়ে অফিসে হামলা, রাশেদ প্রধানকে অবাঞ্চিত ঘোষণা

Total Views : 11
Zoom In Zoom Out Read Later Print

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। ১৭ এপ্রিল সন্ধ্যায় জেলা শহরের বকুলতলা এলাকায় জাগপা কার্যালয়ে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বকুলতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জাগপা নেতাদের দাবি, ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় দলীয় কার্যালয়ের টিনের সীমানা বেড়া সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এছাড়া ভেতরের চেয়ার টেবিলও ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত পথসভায় জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্চিত ঘোষণা করেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।  

এ ব্যাপারে পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজজামান বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন, ঠিক তখনই জাগপা নেতা রাশেদ তাকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেই চলেছেন। 

তিনি বলেন, রাশেদ প্রধানের বাড়ি পঞ্চগড়। তিনি একটি রাজনৈতিক দলের নেতা। রাজনৈতিকভাবে তিনি বিরোধিতা করতেই পারেন। তবে তা হতে হবে নিয়মের মধ্যে। আমরা এর প্রতিবাদ জানাই এরং তার বিচার দাবিসহ রাশেদ প্রধানকে পঞ্চড়গড়ে অবাঞ্চিত ঘোষণা করছি। 

এ ব্যাপারে জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব বলেন, তারা আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের টিভি, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। তবে আমাদের কোনো নেতাকর্মীর ওপর হামলা করেনি।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

See More

Latest Photos