ভাড়া বাড়ানোর একচেটিয়া পাঁয়তারা চলছে: যাত্রী কল্যাণ সমিতি

Total Views : 8
Zoom In Zoom Out Read Later Print

আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চের প্রভাবশালী মালিক সমিতির নেতৃত্বে একচেটিয়া ভাড়া বাড়ানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার ‘একচেটিয়া ভাড়া বাড়ানোর পাঁয়তারার’ প্রতিবাদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বেড়ে গেলে আনুপাতিক হারে বাস, লঞ্চ ও অন্যান্য গণপরিবহণের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু বাস ও লঞ্চ মালিক সমিতি সরকারের কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বা দরকষাকষি বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পাঁয়তারা চালাচ্ছে। জনস্বার্থের ভাড়া নির্ধারণ কেন লুকোচুরি করা হবে। কেন মিডিয়া থেকে গোপন করা হবে। বাড়তি ভাড়া নিয়ে বাস-লঞ্চে হেনস্তা ও লাঞ্ছিত হয় যাত্রীরা। যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পাঁয়তারার প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, অতি সম্প্রতি জ্বালানি তেলের মূল্য তিন দফা কমার পরিপ্রেক্ষিতে প্রতি ১ টাকায় ১ পয়সা হারে বাস ভাড়া কমানো হয়েছে। একই সূত্র ধরে এবার প্রতি লিটারে ১৫ টাকা মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া কিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে। অন্যথায় হলে যাত্রী কল্যাণ সমিতি কঠিন ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এসব বিষয় সুরাহার জন্য তিনি সড়ক পরিবহণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জনদুর্ভোগ নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পরিবহণ খাতে ভাড়া নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে মালিকদের একচেটিয়া আধিপত্য, তথ্যের কারচুপি এবং অব্যবস্থাপনার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। সরকারি তদারকি কমিটিতে যাত্রীসাধারণের প্রতিনিধি না থাকায় এবং নীতি-নির্ধারণী পর্যায়ে মালিক সমিতির একতরফা প্রভাবের কারণে সাধারণ যাত্রীরা পদে পদে প্রতারণা ও জুলুমের শিকার হচ্ছেন।

এতে আরও বক্তৃতা করেন-কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

See More

Latest Photos