ইরানের শিরাজ : পারস্য নন্দনের উত্তরাধিকার ও হাফেজ-সাদির নগরী

Total Views : 4
Zoom In Zoom Out Read Later Print

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত শিরাজ দীর্ঘকাল ধরে পারস্য সভ্যতার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। জাগ্রোস পর্বতমালার পাদদেশে অবস্থিত এই শহর ভৌগোলিক সৌন্দর্যের পাশাপাশি সাহিত্য , দর্শন, আধ্যাত্মিকতা ও নন্দনবোধের এক গভীর ঐতিহ্যের ধারক হিসেবে বিশ্ব খ্যাত। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নগরী কবি, দার্শনিক ও শিল্পীদের আকর্ষণের প্রাণকেন্দ্র হয়ে আছে। ফলে শিরাজকে প্রায়ই বলা হয় ‘ইরানের সাংস্কৃতিক রাজধানী’। শিরাজের ভূপ্রকৃতি ও পরিবেশ তার সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে নাতিশীতোষ্ণ। উর্বর মাটি, পাহাড়ঘেরা উপত্যকা এবং পর্যাপ্ত পানির উৎসের কারণে এখানে বহু শতাব্দী ধরে বাগান সংস্কৃতি বিকশিত হয়েছে।

গোলাপ, কমলা ও আঙুরের বাগান শিরাজের প্রাকৃতিক সৌন্দর্যের অংশ হয়ে উঠেছে। এই বাগানগুলো কৃষি বা অর্থনৈতিক উৎপাদনের অন্যতম ভূমি। এগুলো বলা হয় পারস্য নন্দনতত্ত্বের এক অনন্য প্রকাশ যা প্রকৃতি, স্থাপত্য ও কবিতা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে। শিরাজের ইতিহাস প্রাচীন পারস্য সাম্রাজ্যের নানা উত্থান-পতনের সঙ্গে জড়িত। পারস্যের প্রাচীন রাজধানী পার্সেপোলিস এই অঞ্চলের কাছেই অবস্থিত, যা ইঙ্গিত দেয় যে প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটি রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। যদিও মধ্যযুগে এসে শিরাজ প্রকৃত অর্থে সাহিত্য ও জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে, তবু এর ঐতিহাসিক ভিত্তি আরও বহু পুরোনো। বিভিন্ন সময় সেলজুক, আতাবক ও ইনজু শাসকদের পৃষ্ঠপোষকতায় শহরটি শিক্ষা, সাহিত্য ও ধর্মীয় আলোচনার ক্ষেত্র হিসেবে বিকশিত হয়। তবে শিরাজের সবচেয়ে শক্তিশালী পরিচয় তার কবিতাময় ঐতিহ্যে। পারস্য সাহিত্যের দুই মহীরুহ হাফেজ ও সাদি এই শিরাজ শহরকে বিশ্বসাহিত্যের মানচিত্রে বিশেষ মর্যাদা এনে দিয়েছেন। তাদের কবিতা সাহিত্যিক সৌন্দর্যের লীলাভূমি। মানবিক বোধ, আধ্যাত্মিক অনুসন্ধান ও দার্শনিক গভীরতার জন্যও সুপরিচিত। চতুর্দশ শতকের বিখ্যাত কবি হাফেজ শিরাজি পারস্য গজলের সর্বোচ্চ শিল্পরূপকে পরিণতি দেন। তাঁর কবিতা প্রেম, মরমি ধ্যান, মানবিক স্বাধীনতা এবং অস্তিত্বের গভীর প্রশ্নকে অনন্য কাব্যিক ভাষায় প্রকাশ করে। তাঁর কাব্যগ্রন্থ দেওয়ান-এ হাফেজ শতাব্দীর পর শতাব্দী ধরে পারস্যভাষী সমাজে গভীর প্রভাব বিস্তার করেছে। ইরানে আজও অনেক মানুষ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সংকটের মুহূর্তে ‘ফাল-এ-হাফেজ’ করেন অর্থাৎ হাফেজের দেওয়ান খুলে একটি কবিতা পাঠ করে তার মধ্য থেকে প্রতীকী অর্থ খোঁজেন। হাফেজের প্রভাব ইরানের সীমা ছাড়িয়ে ইউরোপীয় চিন্তাজগতেও গভীরভাবে পৌঁছেছিল। জার্মান কবি ইয়োহান ভল্ফগাং ফন গ্যেটে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ডবংঃ-স্খংঃষরপযবৎ উরাধহ রচনার সময় হাফেজ-এর কবিতা থেকে গভীর অনুপ্রেরণা পেয়েছিলেন। একইভাবে দার্শনিক ফ্রিডরিখ নীটশে এবং আমেরিকান চিন্তাবিদ রালফ ওয়াল্ডো এমারসন-ও হাফেজের কাব্যিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। ফলে হাফেজের কবিতা পূর্ব ও পশ্চিমের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছে। শিরাজের আরেক কিংবদন্তি কবি সাদি শিরাজি মধ্যযুগীয় ইসলামী বিশ্বের অন্যতম প্রভাবশালী নৈতিক দার্শনিক। তাঁর দুটি বিখ্যাত গ্রন্থ বুস্তান আর গুলেস্তান পারস্য সাহিত্যের ক্লাসিক হিসেবে বিবেচিত। বুস্তান মূলত নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক আদর্শের উপর ভিত্তি করে লেখা একটি ছন্দোবদ্ধ কাব্যগ্রন্থ, যেখানে মানবিক গুণাবলি, ন্যায়পরায়ণতা, বিনয় ও প্রেমের গুরুত্ব তুলে ধরা হয়েছে। অন্যদিকে গুলেস্তান গদ্য ও পদ্যের সংমিশ্রণে রচিত একটি অনন্য সাহিত্যকর্ম। যাতে রয়েছে বিভিন্ন উপাখ্যান, হাস্যরস ও নৈতিক শিক্ষা। সাদির মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তাঁর বিখ্যাত উক্তিতে স্পষ্টভাবে প্রকাশ পায় ‘মানুষ একই দেহের অঙ্গ।’ এই ধারণা মানবজাতির ঐক্য ও সহমর্মিতার এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। মানবতাবাদী এই বাণী আজও বিশ্বব্যাপী উদ্ধৃত হয় এবং মানবিক মূল্যবোধের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

শিরাজের সাহিত্যিক ঐতিহ্য কেবল হাফেজ ও সাদির মধ্যেই সীমাবদ্ধ নয়। চতুর্দশ শতকের কবি খাজু কেরমানিও তাঁর কাব্যে প্রেম, আধ্যাত্মিকতা ও সৌন্দর্যের গভীর অনুভূতি প্রকাশ করেছে। সাহিত্য সমালোচকদের মতে, কেরমানির কবিতাশৈলী সাদি ও হাফেজের মধ্যবর্তী একটি সেতুবন্ধনের কাজ করেছে। একই সময়ে শিরাজের রাজকন্যা ও কবি জাহান মালেক খাতুন মধ্যযুগীয় পারস্য সাহিত্যে নারী কণ্ঠের একটি বিরল উদাহরণ হিসেবে পরিচিত। তাঁর কবিতায় প্রেম, বেদনা, ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন দেখা গেছে। এছাড়া ব্যঙ্গাত্মক সাহিত্যধারায় বিশেষ অবদান রেখেছেন ওবায়দ-ই জাকানি। তাঁর রচনায় সমাজের ভ-ামি, ক্ষমতার অপব্যবহার ও নৈতিক অবক্ষয়কে তীব্র বিদ্রূপের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই ব্যঙ্গধর্মী সাহিত্য শিরাজের বুদ্ধিবৃত্তিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। শিরাজের সাংস্কৃতিক জীবন সাহিত্যে সীমাবদ্ধ না থেকে স্থাপত্য, বাগান, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের মধ্যেও প্রতিফলিত হয়েছে। পারস্যের ঐতিহ্যবাহী বাগান নকশা যেটা মূলত জ্যামিতিক বিন্যাস, জলধারা ও ছায়াঘেরা বৃক্ষের সমন্বয় তা শিরাজের বিভিন্ন স্থানে বিকশিত হয়েছে। এই বাগানগুলোতে কবিতা পাঠ, দার্শনিক আলোচনা এবং সামাজিক মিলনমেলার ঐতিহ্য বহু শতাব্দী ধরে চলছে। আজও শিরাজে হাফেজ ও সাদির সমাধিস্থল সাংস্কৃতিক তীর্থস্থান হিসেবে বিবেচিত। তাদের সমাধিস্থল ঐতিহাসিক স্মৃতিচিহ্নের পাশাপাশি জীবন্ত সাংস্কৃতিক পরিসরও ।

এখানে প্রতিদিন মানুষ কবিতা পাঠ করে, ধ্যান করে এবং সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে। ইরানের অন্যতম প্রধান উৎসব নওরোজ উপলক্ষে শিরাজ বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। নববর্ষের এই উৎসবের সময় শহরের বাগান, সাংস্কৃতিক কেন্দ্র ও ঐতিহাসিক স্থাপনাগুলোতে কবিতা পাঠ, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিরাজের সাহিত্যিক ঐতিহ্য অতীতের স্মৃতিতে যেমন অম্লান তেমনি সমসাময়িক সমাজেও সক্রিয়ভাবে উপস্থিত। আধুনিক যুগে শিরাজ ইরানের শিক্ষা, গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন শহরের ঐতিহাসিক ও সাহিত্যিক ঐতিহ্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রেও শিরাজ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ পারস্য সভ্যতার ইতিহাস ও সাহিত্য বুঝতে এই শহরের ভূমিকা অপরিসীম। সব মিলিয়ে শিরাজ শুধু অতীতের কবিদের শহর হিসেবেই নয় আজ এটি কবিতা, বাগান, মানবিক চিন্তার কেন্দ্র এবং সাংস্কৃতিক প্রতীক। শিরাজের স্থাপত্য, ঐতিহ্য ও কবিতার সম্মিলনে যে নন্দনচেতনা গড়ে উঠেছে, তা পারস্য সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সাহিত্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এখানে বিকশিত হয়েছে, তা বিশ্বসভ্যতার এক অমূল্য সম্পদ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

See More

Latest Photos