পটুয়াখালীর বাউফলে কুরবানির পশুর অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করেছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সংসদ সদস্য শফিকুল ইসলাম বাউফলে পশুর হাটের বর্জ্য অপসারণ করলেন
২৮ মে বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাউফল পাবলিক ফিল্ডে এমপি শফিকুল ইসলামের নেতৃত্বে এ বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়।
এ সময় তিনি বলেন, বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্র এই পাবলিক ফিল্ড। অথচ সেখানে সম্পূর্ণ অবৈধভাবে গরুর হাট বসানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, এ মাঠটি পৌর শহরের মানুষের হাঁটাচলা, ব্যায়াম, অবকাশ যাপন ও বিনোদনের অন্যতম কেন্দ্র। সেখানে অস্থায়ী গরুর হাট বসিয়ে পরিবেশ নষ্ট করা হয়েছে। সামনের দিনগুলোতে জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভবিষ্যতে একটি ‘গ্রীন বাউফল, ক্লিন বাউফল’ গড়ে তোলার কথা জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ খান, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাসেল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।