বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) রাজধানীসহ দেশব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা বিতরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে বিএনপির কর্মসূচি
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে টি অ্যান্ড টি খেলার মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির মাধ্যমে ঈদ-পূর্ব সময়ে হাজারো পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজিত আরও ১৬টি পৃথক মানবিক সহায়তা বিতরণ কর্মসূচিতেও পর্যায়ক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এসব কর্মসূচিতে খাদ্যপণ্য, পোশাক এবং প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।
অন্যদিকে সকাল সাড়ে ৯টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পরে বেলা ১১টায় হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকায় আইনজীবীদের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ সময় বিএনপিপন্থী আইনজীবী নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারে এফডিসির সামনে আয়োজিত আরেকটি মানবিক সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সেখানে অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর পাশাপাশি দেশের জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআনখানি, গণখাদ্য বিতরণ, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দলটির নেতারা বলছেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের স্মরণে এবারের কর্মসূচিগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস হিসেবেও পালন করা হবে।