শতাব্দীর বড় ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা, মৃত লাখ ছোঁয়ার শঙ্কা

Total Views : 16
Zoom In Zoom Out Read Later Print

ভেনেজুয়েলায় আঘাত হেনেছে চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী জোড়া ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এই কম্পন গত ১২৬ বছরের মধ্যে দেশটির ভূখণ্ডে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। খবর বিবিসির। প্রলয়ঙ্করী এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ। সরকারিভাবে এই হতাহতের সংখ্যা নিশ্চিত করে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে মার্কিন সংস্থা ইউএসজিএসের ক্ষয়ক্ষতির পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ছাড়িয়ে যাওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ভেনেজুয়েলার উপকূলীয় শহর মোরোনের কাছে প্রথম কম্পনটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ২। কিন্তু এই ধাক্কা সামলে ওঠার আগেই, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় দফায় আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি অত্যন্ত শক্তিশালী মূল ভূমিকম্প। সংস্থাটির ঐতিহাসিক ভূমিকম্পের ক্যাটালগ অনুযায়ী, এর আগে ১৯০০ সালের ২৯ অক্টোবর ভেনেজুয়েলার উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার একটি প্রলয়ঙ্করী ‘সান নার্সিসো ভূমিকম্প’ আঘাত হেনেছিল। এর পর থেকে গত সোয়া এক শতাব্দীতে ভেনেজুয়েলা আর এত বড় ও শক্তিশালী ভূমিকম্প দেখেনি। গতকালের মূল কম্পনের পর এ পর্যন্ত অন্তত ২০টি আফটারশক (অনুকম্পন) রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। কারাকাসের আলতামিরা এলাকায় একটি ২২তলা আবাসিক ভবন সম্পূর্ণ ধসে মাটির সঙ্গে মিশে গেছে। সেখানে নিখোঁজ স্বজনদের খোঁজে মানুষ হাহাকার করছেন। শত শত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মী টর্চলাইটের আলোতে ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছেন। প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পের কারণে কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘মাইকুয়েতিয়ার’ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, লা গুয়াইরা, ক্রুজিল্লো, কারাবোবো ও মিরান্ডা রাজ্যগুলো এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভাব্য বড় দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকার বহু ভবনের গ্যাস সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

ভেনেজুয়েলার এই অভূতপূর্ব মানবিক বিপর্যয়ের মুখে বিশ্বনেতারা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে গভীর সমবেদনা প্রকাশ করে লিখেছেন, যুক্তরাষ্ট্র এই সংকটে যেকোনো ধরনের সাহায্য করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আমি সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।

পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিলসহ লাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলোও রাজনৈতিক মতপার্থক্য ভুলে কারাকাসের দিকে জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। 

ভেনেজুয়েলায় এর আগে ১৯৯৭ সালের ভূমিকম্পে ৭৩ জন ও ১৯৬৭ সালে কারাকাসে ২৩৬ জনের মৃত্যু হয়েছিল। তবে এবারের শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পূর্বের সকল রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

See More

Latest Photos