কাতার বিশ্বকাপে প্রকাশিত হয়েছিল বাংলাদেশের আর্জেন্টিনা প্রেম। যার রেশ ধরে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে ঘুরে যান। এবারের বিশ্বকাপেও বাংলাদেশের নাম শুনতেই দাঁড়িয়ে কথা বলেন তিনি। আর্জেন্টিনার পর এবার সামনে এলো বাংলাদেশের ব্রাজিল প্রেম। আর তা নিয়েই বাংলাদেশকে বার্তা দিলেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার।
ব্রাজিলের ফুটবলাররা যে কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানালেন
জাপানের বিপক্ষে ম্যাচ শেষে মিডফিল্ডার কাসেমিরো বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। কাসেমিরো বলেন, ‘বাংলাদেশের ভালোবাসা চোখে পড়েছে আমার। আমিও কখনো বাংলাদেশে আসতে চাই।’
ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার বলেন, ‘আমাদের সমর্থনের জন্য ধন্যবাদ বাংলাদেশ। আমি বেশ কিছু ভিডিও দেখেছি আপনাদের। এর জন্য বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ আপনাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’
এর আগে ভক্তদের ভালোবাসার জবাবে ব্রাজিলের আরেক তারকা ম্যাথুস কুনিয়া বাংলাদেশে আসার ইচ্ছে পোষণ করেছিলেন।
গত রাতের রাউন্ড অব ৩২-এর ম্যাচে শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পায় ব্রাজিল। জাপানকে ২-১ গোলে হারানোর এই জয় উদযাপনে মেতে ওঠে বাংলাদেশও। এমন এক মুহূর্তে কাসেমিরো-অ্যালিসনদের বার্তা বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের আরও উৎসাহিত করবে।