ডিজিটাল যুগে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার হুমকিও বাড়ছে। তাই রাষ্ট্রের তথ্য-উপাত্ত ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ ও নিরাপত্তার ধরন বদলে গেছে। এখন শুধু সীমান্ত রক্ষা করলেই চলবে না, রাষ্ট্রের তথ্যভান্ডার, আর্থিক ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোকেও সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখতে হবে। এ জন্য দক্ষ জনবল তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সময়োপযোগী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
সাইবার নিরাপত্তা সীমান্ত পাহারার চেয়েও গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
তিনি আরও বলেন, নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে এ ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য ও জনসংযোগ কার্যক্রম আরও গতিশীল করতে বাহিনীর নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।