প্রয়োজনে আবারও ইরানে সামরিক হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। মঙ্গলবার (৩০ জুন) ইসরাইলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ মন্তব্য করেন। খবর আনাদোলুর। তিনি বলেন, ‘আমরা ইরানের পরমাণু বোমার হুমকি থেকে নিজেদের রক্ষা করেছি।’ নেতানিয়াহুর এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওই সমঝোতা ১৮ জুন থেকে কার্যকর হয়। এতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে প্রয়োজনে আবারও হামলা করা হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর
সমঝোতা স্মারকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল, ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ইসরাইল শুরু থেকেই ইরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার বিরোধিতা করে আসছে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়ে আসছে দেশটির সরকার।