রোনালদোর ‘আজই লাস্ট ড্যান্স নয়’, বললেন মার্তিনেজ

Total Views : 80
Zoom In Zoom Out Read Later Print

ফুটবল ইতিহাসের দুই উজ্জ্বল নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। বয়সের হিসেবে দুজনই এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে—রোনালদোর ৩৯, মদ্রিচের ৪০। তাই ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। নকআউটের এই মহারণে হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ স্বপ্ন। ফলে রোনালদো কিংবা মদ্রিচ—দুজনের একজনের জন্য বিশ্বমঞ্চে এটি শেষ অভিযানের সূচনা হয়ে উঠতে পারে। সেই কারণেই ম্যাচটিকে দুই কিংবদন্তির সম্ভাব্য ‘লাস্ট ড্যান্স’ হিসেবে দেখছেন অনেকে।

তবে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজের আশা ভিন্ন। তিনি চান না, রোনালদোর জন্য এই ম্যাচই বিশ্বকাপের শেষ অধ্যায়ের শুরু হয়ে উঠুক।

গ্রুপ ‘কে’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে পর্তুগাল। ডিআর কঙ্গো ও কলম্বিয়ার সঙ্গে ড্র এবং উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা। আগামীকাল মাঠে নামলেই বিশ্বকাপের ইতিহাসে নিজের ২৫তম ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সি রোনালদো। তবে নকআউট পর্বে আগের আট ম্যাচে গোলশূন্য থাকার রেকর্ড ভাঙার চ্যালেঞ্জও অপেক্ষা করছে তার সামনে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু রোনালদোর জন্যই নয়, ৪০ বছর বয়সী লুকা মদ্রিচের জন্যও হতে পারে শেষ বিশ্বকাপ ম্যাচ। রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় একসঙ্গে খেলা এই দুই কিংবদন্তি এবার একে অপরের প্রতিপক্ষ।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তাদের বয়স ও সম্ভাব্য বিদায় প্রসঙ্গে রবের্তো মার্তিনেজ বলেন, ‘আমরা এমন দুই ফুটবলারের কথা বলছি, যারা সাধারণ মানুষের সমালোচনা কিংবা জনমতের অনেক ঊর্ধ্বে। ফুটবলে এত দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকাই তাদের বিশেষ করে তুলেছে। লুকা মদ্রিচ ৪০ বছর বয়সেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’   

তিনি আরও বলেন, ‘যারা বয়স নিয়ে কথা বলেন, তাদের বলব,  বয়স শুধুই একটি সংখ্যা। আসল বিষয় হলো, মাঠে তারা কী করছেন এবং ড্রেসিংরুমে তরুণদের জন্য কী উদাহরণ তৈরি করছেন। তারা ফুটবলের আইকন। আশা করি, এটা রোনালদোর লাস্ট ড্যান্স হবে না।’

গ্রুপ পর্বে প্রত্যাশামতো ছন্দে না থাকলেও নিজের দলের ওপর পূর্ণ আস্থা রাখছেন মার্তিনেজ। তিনি বলেন, ‘আমাদের দলে প্রতিভা আছে, ঐক্য আছে, মানসিক শক্তিও আছে। গ্রুপ পর্বে কঠিন মুহূর্তগুলোতে যেভাবে ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে, তা অসাধারণ। বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও হার না মানা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আসল বিশ্বকাপ শুরু হচ্ছে এখন থেকেই।’

নকআউটের এই ম্যাচটি হতে পারে দুই যুগের দুই কিংবদন্তির আরেকটি স্মরণীয় অধ্যায়। একজন এগিয়ে যাবেন নতুন স্বপ্ন নিয়ে, আর অন্যজনের জন্য হয়তো বিশ্বকাপের পর্দা নেমে যাবে চিরতরে।

See More

Latest Photos