দেশের সোস্যাল মিডিয়ায় বট বাহিনীর অবাধ বিচরণ। তাদের দাপটে বিপর্যস্ত রাষ্ট্র সরকার ব্যবসাবাণিজ্য ও ব্যাক্তি জীবন। ছুতা পেলেই এই বটবাহিনী পঙ্গপালের মত আক্রমণ করে। মাত্র কয়েক সেকেন্ডেই সব অর্জন শেষ করে দেয়। কিভাবে তারা সোস্যাল মিডিয়ায় কাজ করে তা বেশির ভাগ লোকেরই অজানা। ক্ষতিকর এই বট বাহিনীকে মোকাবিলা করা বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকেই হয়তো মনে করেন অর্থনৈতিক সমস্যা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির টানাপোড়েন দেশের সব চেয়ে বড় সংকট। কিন্তু এই দৃশ্যমান সংকটের আড়ালে আমাদের অলক্ষ্যেই দানা বাঁধছে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক হুমকি। প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা এই আপদের মুখোমুখি হচ্ছি। এটি আমাদের রাষ্ট্র, সমাজ, এমনকি ব্যক্তিগত ও পারিবারিক জীবনকেও করে তুলছে বিষাক্ত। অথচ একে আমরা নিয়তি বলে মেনে নিচ্ছি, কোনো স্থায়ী সমাধান খুঁজছি না। এই অদৃশ্য শত্রু আর কেউ নয়—সোশ্যাল মিডিয়ার বটবাহিনী। গত এক দশকে ইন্টারনেট ও স্মার্টফোনের সহজলভ্যতার কারণে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা জ্যামিতিক হারে বেড়েছে। কিন্তু এই ডিজিটাল জগৎ এখন আর কেবলই মুক্ত মতপ্রকাশ বা যোগাযোগের মাধ্যম নয়; এটি পরিণত হয়েছে রাজনৈতিক প্রভাব বিস্তার, কৃত্রিম জনমত তৈরি, বাণিজ্যিক আধিপত্য এবং পরিকল্পিত চরিত্রহননের এক নোংরা কুরুক্ষেত্রে।
অদৃশ্য রোবটের আক্রমণ: সাইবার দুনিয়ায় চরিত্রহননের নতুন হাতিয়ার