৫ বিস্ময়কর স্থান পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

বৃষ্টি প্রকৃতির অন্যতম মনোমুগ্ধকর রূপ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঋতু ও জলবায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ ভিন্ন হলেও এমন কিছু জায়গা আছে, যেখানে বৃষ্টি শুধু মৌসুমি ঘটনা নয়—বরং মানুষের দৈনন্দিন জীবনেরই অংশ। বছরের অধিকাংশ সময় আকাশ মেঘে ঢাকা থাকে, আর ঝরতে থাকে টানা বৃষ্টি।

বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ অঞ্চল এবং সেখানে গড়ে ওঠা ব্যতিক্রমী আবহাওয়ার চিত্র তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

১. মৌসিনরাম, ভারত

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ স্থান হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি গ্রাম মৌসিনরাম। খাসি পাহাড়ের ওপর অবস্থিত এই এলাকায় বছরে গড়ে প্রায় ১১ হাজার ৮৭১ মিলিমিটার (৪৬৭ ইঞ্চি বা প্রায় ৩৯ ফুট) বৃষ্টিপাত হয়।

এর মূল কারণ বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বায়ু। খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ু দ্রুত ওপরে উঠে ঘনীভূত হয় এবং প্রবল বৃষ্টির সৃষ্টি করে।

এখানকার বাসিন্দারা ঘরের বাইরে বের হলে বাঁশ ও কলাপাতা দিয়ে তৈরি বিশেষ ধরনের ছাতা, স্থানীয় ভাষায় ‘কনুপ’, ব্যবহার করেন। এই অঞ্চলে বৃষ্টি জীবনের স্বাভাবিক অংশ।

২. চেরাপুঞ্জি, ভারত

বিশ্বের সবচেয়ে বেশি বার্ষিক ও মাসিক বৃষ্টিপাতের ঐতিহাসিক রেকর্ড এখনো ভারতের চেরাপুঞ্জির দখলে।

১৮৬০ সালের ১ আগস্ট থেকে ১৮৬১ সালের ৩১ জুলাই পর্যন্ত মাত্র ১২ মাসে এখানে ২৬ হাজার ৪৭০ মিলিমিটার (১ হাজার ৪২ ইঞ্চি বা প্রায় ৮৬ ফুট) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যা আজও বিশ্ব রেকর্ড।

এ ছাড়া, ১৮৬১ সালের জুলাই মাসে এক মাসেই ৯ হাজার ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। অর্থাৎ মাত্র এক মাসে প্রায় ৩১ ফুট পানির স্তর জমার সমান বৃষ্টিপাত।

বর্তমানে বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও এই ঐতিহাসিক রেকর্ড অটুট রয়েছে।

৩. রেউনিওঁ দ্বীপ, ফ্রান্স

মাত্র ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের বিশ্ব রেকর্ড রয়েছে ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রেউনিওঁতে।

১৯৬৬ সালের ৭ থেকে ৮ জানুয়ারি ঘূর্ণিঝড় ডেনিস আঘাত হানার সময় দ্বীপটির ফক-ফক (Foc-Foc) এলাকায় মাত্র একদিনে ১ হাজার ৮২৫ মিলিমিটার (৭১ দশমিক ৮ ইঞ্চি বা প্রায় ৬ ফুট) বৃষ্টিপাত হয়েছিল।

পাহাড়ি ভূপ্রকৃতি ও শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণে এ ধরনের অস্বাভাবিক বৃষ্টিপাত সম্ভব হয়।

৪. ললো ও লোপেজ ডি মিকাই, কলম্বিয়া

কলম্বিয়ার চোকো অঞ্চলের ললো এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের লোপেজ ডি মিকাই বিশ্বের সবচেয়ে আর্দ্র অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।

ললো এলাকায় বছরে গড়ে প্রায় ১২ হাজার ৭১৮ মিলিমিটার (প্রায় ৪২ ফুট) বৃষ্টিপাত হয়। আন্দিজ পর্বতমালা ও প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্র বায়ুর প্রভাবে এখানে প্রায় প্রতিদিনই বিকেল বা রাতে ভারী বৃষ্টি হয়।

৫. মাউন্ট ওয়ায়ালেয়ালে, হাওয়াই (যুক্তরাষ্ট্র)

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরি মাউন্ট ওয়ায়ালেয়ালে বিশ্বের অন্যতম বৃষ্টিবহুল স্থান।

স্থানীয় ভাষায় ‘ওয়ায়ালেয়ালে’ শব্দের অর্থ ‘উতলে ওঠা পানি’। এখানে বছরে গড়ে প্রায় ১১ হাজার ৫০০ মিলিমিটার (প্রায় ৩৮ ফুট) বৃষ্টিপাত হয়।

সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ু ও পাহাড়ের খাড়া ঢালের কারণে বছরের প্রায় ৩৫০ দিনই এখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বাংলাদেশের অবস্থান

বাংলাদেশে বছরে গড়ে প্রায় ২ হাজার ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। দেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা সিলেটের লালাখাল, যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ৪ হাজার ১৮০ মিলিমিটার (প্রায় ১৪ ফুট)।

অর্থাৎ, বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মৌসিনরামের তুলনায় বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকাতেও প্রায় অর্ধেকের কম বৃষ্টি হয়।

See More

Latest Photos