যা বললেন পদত্যাগের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী

Total Views : 45
Zoom In Zoom Out Read Later Print

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে অবস্থান কী জানতে চাইলে সংসদের অজুহাত দেখিয়ে মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মুঠোফোনে সাংবাদিকরা যোগাযোগ করলে মন্ত্রী বলেন, ‘এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দিব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দিব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই তারপর ইন্টারভিউ দিব।’ এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার সায়েন্সল্যাব ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভে তারা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ‘শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে সায়েন্সল্যাবের সড়কে মিছিল নিয়ে বিক্ষোভ শুরু করে। আমরা তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করেছি’।

 

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম বলেন, শিক্ষার্থীরা পৌনে বারোটার দিকে উত্তরা ডিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন। এতে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়।

 

এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। ওই‎ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

 

বিক্ষোভ কর্মসূচী কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

 

‎বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক- মিলনের পদত্যাগ’; ‘ভোগান্তির দায় নিতে হবে’; ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’- এমন বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

See More

Latest Photos