বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা ও আকাশ যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমানের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ থেকে ব্রুনাইকে আরও বেশি জনশক্তি নিতে অনুরোধ
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশিদের জন্য ব্রুনাইয়ে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে ঢাকার আগ্রহের কথা জানান। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থে জনশক্তি সহযোগিতা আরও বিস্তৃত করা প্রয়োজন।
বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-ব্রুনাই ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ (বিজনেস-টু-বিজনেস) বাড়ানো, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম।
তিনি ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য ও আমের জন্য আরও বেশি বাজার সুবিধা দেওয়ার আহ্বান জানান।
ব্রুনাইয়ের হাইকমিশনার এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ী চেম্বার, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। এই গ্রুপ দুই দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক আরও গভীর করতে কাজ করবে।