বিশেষ প্রতিনিধি: বঙ্গোপসাগরের বুকে মেঘনা মোহনায় জেগে ওঠা নিঝুম দ্বীপের সৈকতের বালিতে বিপুল পরিমাণ মূল্যবান ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবেষকরা। সাম্প্রতিক খনিজতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, সৈকতের মোট পলির প্রায় ২৫ শতাংশই টোটাল হেভি মিনারেলস (THM)—যার মধ্যে রয়েছে শিল্প ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ জিরকন, রুটাইল, ইলমেনাইট, গার্নেট, সিলিম্যানাইট, কায়ানাইট, মোনাজাইট ও জেনোটাইম। গবেষকদের মতে, নিঝুম দ্বীপের বালিতে এ ধরনের ভারী খনিজের উল্লেখযোগ্য উপস্থিতি বাংলাদেশের খনিজসম্পদ অনুসন্ধান ও শিল্পোৎপাদনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সিরামিক, রং, ধাতু প্রক্রিয়াজাতকরণ, ওয়েল্ডিং রডসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত কাঁচামাল হিসেবে এসব খনিজের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। নিঝুম দ্বীপে পাওয়া এই খনিজসমৃদ্ধ বালির বৈশিষ্ট্য বোঝার ক্ষেত্রে গঙ্গা–ব্রহ্মপুত্র–মেঘনা নদীব্যবস্থার পলি পরিবহনের ভূতাত্ত্বিক ইতিহাসও গুরুত্বপূর্ণ। হিমালয় থেকে বিপুল পরিমাণ পলি বহন করে গঙ্গা ও ব্রহ্মপুত্র বাংলাদেশে এসে মেঘনা মোহনা দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। দীর্ঘ নদীপথ, মোহনা, বদ্বীপ ও সমুদ্রতলের বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব পলি পরিবাহিত ও পুনর্বিন্যস্ত হয়। সেই পলিরই একটি অংশ উপকূলীয় অঞ্চলে জমা হয়ে ভারী খনিজসমৃদ্ধ বালুর স্তর তৈরি করতে পারে। গবেষণায় নিঝুম দ্বীপের সৈকতের বালু বিশ্লেষণ করে মোট পলির প্রায় এক-চতুর্থাংশে ভারী খনিজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। খনিজসমৃদ্ধ এই অংশের মধ্যে সিলিম্যানাইট, গার্নেট বা অ্যালমান্ডিন, জিরকন, রুটাইল, ইলমেনাইট, জেনোটাইম, মোনাজাইট এবং কায়ানাইটের মতো গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া গেছে। এ ছাড়া অ্যামফিবোল ও পাইরক্সিন গ্রুপের বিভিন্ন খনিজও শনাক্ত হয়েছে। গবেষণায় বালুর চৌম্বকীয় অংশেও একাধিক খনিজের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে এনস্টাটাইটের পরিমাণ উল্লেখযোগ্য। পাশাপাশি বায়োটাইট, পারগাসাইট, মাসকোভাইট, সোডালাইট, ডায়োপসাইড, ম্যাগনেসাইট, স্পিনেল, ট্রেমোলাইট, অ্যানোরথাইট, ম্যাগনেসিওফেরাইট, টাইটানাইট, পেরিক্লেস, স্পোডুমিন ও হর্নব্লেন্ডের মতো খনিজও চিহ্নিত করা হয়েছে।
নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ