নিজস্ব প্রতিবেদক, ঢাকা সৈয়দ আলীনূর ইসলাম, সৈয়দ মাসুদুর রহমান, সৈয়দ আবু বকর সিদ্দিক এবং মো. হাসিবুল হক মামুন ওরফে ‘ডায়মন্ড মামুনের’ বিরুদ্ধে বিভিন্ন কোম্পানি, আবাসন ও হোটেল-রিসোর্ট প্রকল্পের আড়ালে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ, সম্পদ গোপন, অর্থপাচারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর মধ্যে দেশের বাইরে সম্পদ গড়ে তোলা এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে মালিকানা ও পরিচালনার বিষয়ও রয়েছে। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবসায়িক কার্যক্রম, কোম্পানির মালিকানা, শেয়ার লেনদেন, দেশ-বিদেশে সম্পদের অবস্থান এবং আয়কর নথিতে ঘোষিত সম্পদের সঙ্গে প্রকৃত সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে তদন্ত করা প্রয়োজন। তবে এসব অভিযোগের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের ফোন করে পাওয়া যায়নি। একাধিক কোম্পানি ও প্রকল্পের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়েছে, সৈয়দ আলীনূর ইসলাম ‘গোল্ডেনআই ডেভেলপার লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত রয়েছেন। পাশাপাশি কয়েকটি অংশীদারি ফার্ম এবং একক মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গেও তার সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ‘পুষ্প হোমস লিমিটেড’ নাম ব্যবহার করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে শেয়ার বা আবাসন প্রকল্পে বিনিয়োগের কথা বলে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছে। অভিযোগে অর্থের পরিমাণ ৫০০ থেকে ৬০০ কোটি টাকা পর্যন্ত দাবি করা হলেও এ অর্থের পরিমাণের স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ প্রতিবেদকের হাতে পাওয়া যায়নি।
একাধিক আবাসিক প্রকল্প ঘিরে অর্থপাচার-প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি।