দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

Total Views : 16
Zoom In Zoom Out Read Later Print

দেশের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।

হাট-বাজারের শেড ও ভবনের ছাদে বসবে সৌর প্যানেল

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ের হাট ও বাজারে থাকা স্থায়ী শেডের আয়তন বিবেচনা করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। একইভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত বিভিন্ন বাজারের চার-পাঁচতলা ভবনের ছাদও এ কাজে ব্যবহার করতে বলা হয়েছে।

সৌরবিদ্যুৎ উৎপাদনের পর সংশ্লিষ্ট স্থাপনার নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ করতে হবে। অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলে তা জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করতে হবে।

থাকবে ব্যাটারি ব্যাকআপ

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ভবনেও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এসব ব্যবস্থার সঙ্গে ব্যাটারি সংযুক্ত রাখতে হবে এবং ন্যূনতম দুই ঘণ্টার ব্যাকআপ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে আয়

সরকারি নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। এর মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করছে স্থানীয় সরকার বিভাগ।

হাট-বাজারের ইজারার অর্থ ব্যবহারের নির্দেশ

দেশের ইউনিয়ন পর্যায়ের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের অর্থায়নে ইজারা থেকে পাওয়া নির্দিষ্ট অর্থ ব্যবহার করার কথাও বলা হয়েছে।

‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর বিধি ১০-এর (ঙ) ও (চ) অনুযায়ী, হাট ও বাজার থেকে পাওয়া ইজারার আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট হাট-বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন এবং আরও ১০ শতাংশ উপজেলার আওতাধীন হাট-বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ব্যয়ের জন্য নির্ধারিত রয়েছে।

এই অর্থের আওতায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং পর্যায়ক্রমে এর বাণিজ্যিক সম্প্রসারণের ব্যবস্থা করতে বলা হয়েছে।

রক্ষণাবেক্ষণের জন্য ২০ বছরের চুক্তি

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পাশাপাশি দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। প্যানেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম স্থাপনকারী কোম্পানির সঙ্গে ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণ চুক্তি করতে হবে।

চুক্তিটি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

See More

Latest Photos