সিলেটের কানাইঘাটে ভারত সীমান্তসংলগ্ন এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পিঠে তিনটি গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেটের সীমান্তে কৃষিজমি থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
শাহিন আহমদ কানাইঘাট উপজেলার কেউটি হাওর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি কৃষিকাজ করতেন। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের স্থানটি দুর্গম সীমান্ত এলাকায় অবস্থিত। সেখানে নৌকা ও মোটরসাইকেলে যাতায়াত করতে হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি আরও জানান, শাহিন কৃষিকাজ করলেও সীমান্তবর্তী এলাকায় বসবাসের কারণে মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়াপুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। পুলিশের প্রাথমিক ধারণা, ভারত সীমান্তে প্রবেশের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং পরে বাংলাদেশের সীমান্ত এলাকায় এসে মারা যান।
তবে কে বা কারা তাঁকে গুলি করেছে এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন।