রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আয়াশসহ চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

Total Views : 41
Zoom In Zoom Out Read Later Print

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলাটি করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার সময় তাঁদের আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচা এলাকায় ফুটপাত দখলমুক্ত করার পর দেয়ালে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। তাঁদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।

ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করার পাশাপাশি সেখানে ডাস্টবিন স্থাপন, বসার বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।

মামলার অভিযোগের বিষয়ে তদন্ত ও আদালতের সিদ্ধান্তের আগে গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করার সুযোগ নেই।

See More

Latest Photos