তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য, ক্যাম্পাসে উত্তেজনা

Total Views : 31
Zoom In Zoom Out Read Later Print

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তাঁর ক্যাম্পাসে প্রবেশের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ও শিক্ষকদের কর্মবিরতি চলেছে। এ অবস্থায় নতুন উপাচার্যের প্রশাসনিক ভবনে প্রবেশকে কেন্দ্র করে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, প্রশাসনিক ভবনে প্রবেশের পর কয়েকজন তাঁকে উপাচার্যের চেয়ারে বসিয়ে মুঠোফোনে ছবি তোলেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ১১ ও ১২ অক্টোবর নতুন উপাচার্যের ঢাকায় অবস্থান করার কথা থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাঁদের নিয়মিত পাহারা ছিল না। এই সুযোগে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলে ধারণা করছেন তাঁরা।

খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনে প্রায় ২০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে সেশনজটের আশঙ্কাও তৈরি হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অনলাইনে উপাচার্য হিসেবে যোগদান করেন। তবে আন্দোলনকারীদের বিরোধিতার কারণে এত দিন তিনি সরাসরি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা এবং শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

See More

Latest Photos