নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং বিদ্যুৎ ও জ্বালানির অপচয় কমাতে তরুণ ও পেশাজীবীদের কাছ থেকে উদ্ভাবনী ধারণা আহ্বান করেছে বিদ্যুৎ বিভাগ। এ লক্ষ্যে ‘স্ফুরণ—টেকসই জ্বালানি উদ্ভাবনের সন্ধানে’ শীর্ষক একটি আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ ও পেশাজীবীদের আইডিয়া চায় বিদ্যুৎ বিভাগ
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের ২০৩০ সালের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য উদ্যোগ খুঁজে বের করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেশাজীবীরা অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতার দুটি বিভাগ
প্রতিযোগিতায় নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতা—এই দুটি বিষয়ে ধারণা জমা দেওয়া যাবে।
নবায়নযোগ্য জ্বালানি বিভাগে সোলার প্রযুক্তি, স্মার্ট সোলার সেচব্যবস্থা, অফ-গ্রিড বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি, বায়ুবিদ্যুৎ এবং দেশীয় সোলার প্যানেল ও ইনভার্টার উৎপাদন বাড়ানোর কৌশল নিয়ে প্রস্তাব দেওয়া যাবে। এ ছাড়া কৃষিজমিতে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্রের মতো জমিসাশ্রয়ী সমাধানও বিবেচনায় থাকবে।
জ্বালানি দক্ষতা বিভাগে ক্যাম্পাস ও কমিউনিটিভিত্তিক বিদ্যুৎ সাশ্রয়, পরিচ্ছন্ন রান্নার প্রযুক্তি, জ্বালানি ব্যবহারের দক্ষতা পর্যবেক্ষণে ডিজিটাল টুল, বৈদ্যুতিক যানবাহন ও চার্জিং অবকাঠামো এবং ভবনে বিদ্যুৎ ব্যবহার কমানোর উদ্যোগ নিয়ে ধারণা জমা দেওয়া যাবে।
এ ছাড়া বিদ্যুতের চাহিদা ব্যবস্থাপনা, বিদ্যুৎ সাশ্রয়ী শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, বিদ্যমান অবকাঠামোর দক্ষতা বৃদ্ধি, আচরণগত পরিবর্তন এবং নীতিগত প্রস্তাবও এ বিভাগের অন্তর্ভুক্ত।
কারা অংশ নিতে পারবেন
প্রতিযোগিতায় দুটি গ্রুপে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
গ্রুপ এ—শিক্ষার্থী: যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের দুজন শিক্ষার্থী মিলে একটি দল গঠন করতে পারবেন।
গ্রুপ বি—পেশাজীবী: বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেশাজীবীরা এককভাবে অংশ নিতে পারবেন।
জমা দিতে হবে কনসেপ্ট নোট ও ভিডিও
অংশগ্রহণকারীদের প্রস্তাবিত ধারণার ওপর সর্বোচ্চ ১ হাজার শব্দের একটি কনসেপ্ট নোট জমা দিতে হবে। পাশাপাশি ধারণাটির মূল উদ্দেশ্য, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব তুলে ধরে তিন মিনিটের একটি পিচ ভিডিও জমা দেওয়া বাধ্যতামূলক।
আগ্রহীরা প্রতিযোগিতার বিস্তারিত নিয়ম, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে এবং নিবন্ধন করতে পারবেন নির্ধারিত ওয়েবসাইটে।
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬।
নিবন্ধন লিংক: https://seideacontest2026.sreda.gov.bd/
টেকসই জ্বালানি ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুতের অপচয় কমাতে কার্যকর নতুন ধারণা খুঁজে বের করার ক্ষেত্রে প্রতিযোগিতাটি শিক্ষার্থী ও খাতসংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য একটি সুযোগ তৈরি করেছে।