রক্তশূন্যতাজনিত অসুস্থতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছে। ইতোমধ্যে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
রক্তশূন্যতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু, দোয়া প্রার্থনা
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থতাবোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। পরদিন বুধবার সকালে অসুস্থতা বেড়ে গেলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতার কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।
বুধবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু নিজের অসুস্থতার কথা জানিয়ে প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”
এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা।