নোয়াখালীতে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি, হাসপাতালে ভর্তি

Total Views : 29
Zoom In Zoom Out Read Later Print

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় চায়ের দোকানে বসে থাকা মো. জামাল উদ্দিন (বৃদ্ধ) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় জামাল উদ্দিন বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। এতে তাঁর বাঁ হাঁটু ও ঊরুতে গুলি লাগে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত জামাল উদ্দিন ঘোষকামতা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর কয়েক বছর আগে দেশে ফেরেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আসন্ন নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন জামাল উদ্দিন। এ নিয়ে এলাকায় সম্প্রতি পোস্টারও লাগানো হয়। তবে গুলির ঘটনার সঙ্গে তাঁর নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিনকে হাসপাতালে আনা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে গুলি করে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি বলেন, কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

See More

Latest Photos