আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির (সিইসি) বৈঠকেও বিষয়টি নিয়ে চার ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়েছে। সেখানে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের প্রতিনিধিরা নিজেদের অন্তর্ভুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন। তাঁদের মতে, ডব্লিউটিসির বাইরে থাকায় টেস্ট ক্রিকেটে উন্নতির সুযোগ এবং প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির পথ বাধাগ্রস্ত হচ্ছে।
তবে ১২ দলের পরিবর্তে ১০ দলের একটি সমঝোতামূলক কাঠামোর সম্ভাবনাও আলোচনায় রয়েছে। সে ক্ষেত্রে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচিত হতে পারে। ২০২৫ সালে জিম্বাবুয়ে ১০টি টেস্ট খেললেও চলতি বছর তাদের টেস্ট ম্যাচের সংখ্যা মাত্র দুটি। ফলে টেস্ট ক্রিকেটে দেশটির অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
বর্তমানে ডব্লিউটিসিতে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার চতুর্থ চক্র এখন শেষ পর্যায়ে। বর্তমান কাঠামো বহাল থাকলে পরবর্তী দুই চক্রেও এই নয় দলই শিরোপার লড়াইয়ে অংশ নেবে।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি কৌশলগত পর্যালোচনাও আইসিসির বোর্ড সভায় উপস্থাপনের কথা রয়েছে। ক্রিকেটের তিন সংস্করণের ভবিষ্যৎ, বাণিজ্যিক সম্ভাবনা ও কাঠামোগত পরিবর্তন নিয়ে কাজ করেছে বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসি। বালিতে শনিবার প্রতিষ্ঠানটির একটি উপস্থাপনাও অনুষ্ঠিত হয়েছে।