সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় গানপাউডার দিয়ে চারটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে। আগুনে সিলেট-তামাবিল রুটের ওই বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ল’ কলেজের সামনে দাঁড় করিয়ে রাখা বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মো. মঈনুল জাকির জানান, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে গানপাউডার উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, ঘটনাস্থলে প্রায় ৪০টি বাস ছিল, যার মধ্যে চারটিতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে প্রচুর পরিমাণ গানপাউডার পড়ে ছিল উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এসব গানপাউডার কীভাবে এল।
কয়েস লোদী বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। জনগণের কাছে বিতাড়িত হয়ে তারা এখন দেশে অপতৎপরতা চালাচ্ছে।