বরগুনায় দশম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকার নুরু মাঝির ছেলে মো. নান্না, শিয়ালিয়া এলাকার ইউছুফ মৃধার ছেলে মো. জাফর এবং ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী এলাকার রুস্তুমের ছেলে কবির।
আদালত সূত্রে জানা যায়, ঘটনার সময় ভুক্তভোগী কিশোরী বরগুনা সদর উপজেলার স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলে আসা-যাওয়ার পথে প্রায় সময় অভিযুক্তরা তাঁকে কুপ্রস্তাব দিতেন। এর জের ধরে ২০১৩ সালের ২৮ জানুয়ারি ভুক্তভোগী কিশোরী পার্শ্ববর্তী বাড়িতে এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে গেলে রাতে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা জোরপূর্বক তাঁকে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে ওই বছরই বরগুনা সদর থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর বিচারিক কার্যক্রম শেষে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
রায়ের বিষয়ে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বলেন, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।