ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি সাফ জানিয়ে দিয়েছেন যে, দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই বন্ধ হবে না। তিনি জোর দিয়ে বলেন, বাইরের কোনো শক্তি বা আইন ইরানের এই প্রযুক্তিগত অগ্রযাত্রাকে রুখতে পারবে না। বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ইসনা’ (ISNA)-র বরাতে এই তথ্য জানা গেছে। মোহাম্মদ এসলামি বলেন, "শত্রুপক্ষ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার চেষ্টায় সফল হবে না। কোনো ব্যক্তি বা আইন আমাদের এই পথ থেকে বিচ্যুত করতে পারবে না।"
ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ,নতি স্বীকার নয়,
ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান হিসেবে এসলামি দীর্ঘ দিন ধরেই দেশটির সার্বভৌম অধিকার হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পক্ষে যুক্তি দিয়ে আসছেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, আন্তর্জাতিক মহলের প্রচণ্ড চাপ এবং একের পর এক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের পারমাণবিক শিল্প তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এটি আরও শক্তিশালী হচ্ছে।
এদিকে, তেহরানের এমন অনড় অবস্থানের বিপরীতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান কর্তৃক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আলোচনার পথ খোলা থাকলেও ইরানের সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ দিন ধরেই পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এবং বিশ্বশক্তিগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
মোহাম্মদ এসলামির এই সাম্প্রতিক বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এবং ইরানের সঙ্গে পশ্চিমাদের চলমান পরমাণু চুক্তির আলোচনায় নতুন করে উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।ণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি