দুর্নীতি, অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগে এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি হাইকোর্টের যথাযথ বেঞ্চে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর ফলে এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হাইকোর্টের আদেশ বহাল এশিয়াটিক গ্রুপের দুর্নীতি তদন্তে , আপিলে আবেদন নামঞ্জুর
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। মুজিব বর্ষের কর্মসূচি ও ‘মুজিব’ সিনেমা নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছিল।
পরবর্তীতে এশিয়াটিক গ্রুপ এই আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করলে গত ২৮ আগস্ট হাইকোর্টের আদেশটি স্থগিত করা হয়। গতকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্টের পূর্বের আদেশটি বহাল রাখা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এর আগে এশিয়াটিক গ্রুপের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেছিলেন ব্যারিস্টার সাব্বির আজম ও আইনজীবী মো. ফিরোজ হোসেন।
রিটের অভিযোগে বলা হয়েছে, এশিয়াটিক গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে আসাদুজ্জামান নূর ও সারা যাকেরসহ গ্রুপটির শীর্ষ কর্মকর্তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রচারণামূলক কাজের আড়ালে ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার করেছেন। এ ছাড়া ‘লইয়ার্স এগেইনস্ট করাপশন এন্ড এবিউস’ (লাকা) নামক একটি সংগঠন অভিযোগ করেছে, দেশের নামী দামী বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের তহবিল ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা চালিয়েছে এই গ্রুপটি।
তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের তালিকায় আসাদুজ্জামান নূর, সারা যাকের, ইরেশ যাকের, মোর্শেদ আলম, রেজাউল হাসান, ইকরাম মইন চৌধুরী ও মোহাম্মদ হাসান ফারুকের নাম উল্লেখ করা হয়েছে।