গাজীপুরের কালিয়াকৈরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাশবিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে স্বামী আবু তালহাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্বামী গ্রেপ্তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে
গ্রেপ্তার আবু তালহা গাইবান্ধা সদর উপজেলার অনামিকা লেন গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে মৌচাক চেয়ারম্যানবাড়ি রোড এলাকার বিশ্বাস মঞ্জিলে ভাড়া থাকেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই কুমিল্লার সুমাইয়া আক্তার মুক্তার সাথে আবু তালহার বিয়ে হয়। বিয়ের সময় আসবাবপত্রসহ নগদ সাড়ে তিন লাখ টাকা যৌতুক দেয় সুমাইয়ার পরিবার। তবে বিয়ের বছর না ঘুরতেই তালহা আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে সুমাইয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
সবশেষ গত ২৪ এপ্রিল রাতে যৌতুকের টাকা নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তালহা তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান।
ভুক্তভোগী নারী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযোগে বলা হয়, নির্যাতনের সময় তালহা তার তলপেটে সজোরে লাথি মারলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।
এই ঘটনার পর ২৪ এপ্রিল রাতেই সুমাইয়া আক্তার মুক্তা বাদী হয়ে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, স্ত্রীর করা মামলায় আবু তালহাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।