নেত্রকোনার ভারতীয় সীমান্তে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে। আজ বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৮টায় দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের জংখল নামক স্থান থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয় বলে দুপুরে বিজিবি এক ক্ষুদেবার্তায় জানিয়েছে। ক্ষুদেবার্তায় বিজিবি জানায়, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এই ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে।
বিজিবি ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে
৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী সাংবাদিকদের কাছে পাঠানো ক্ষুদেবার্তায় জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বিজয়পুর বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তে অভিযানে নামে। সকাল সাড়ে ৮টায় সীমান্ত পিলার ১১৪৯/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়নের জংখল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এই ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। এসব ফেনসিডিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন ৩১ বিজিবির অধিনায়ক।