চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৬ শতাংশ অংশগ্রহণ করেনি।শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের তথ্যে জানা গেছে, গত বছরের তুলনায় অনুপস্থিতির হার বাড়ায় শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক-সব স্তরেই শিক্ষার্থী অনিয়মিততা, শিক্ষক সংকট ও ব্যবস্থাপনা দুর্বলতার চিত্র সামনে আসছে। চলতি বছরের ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অথচ দুই বছর আগে এসএসসি ও সমমান পাস করে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিল প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। অর্থাৎ প্রায় ৫ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা খাতের তথ্য অনুযায়ী, গত বছরও অনুপস্থিতির হার ছিল ২৯ শতাংশের বেশি। এক বছরের ব্যবধানে তা আরও প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে বলে বিশ্লেষণে দেখা যায়। ধারাবাহিকভাবে এই প্রবণতা উচ্চশিক্ষায় প্রবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। কারিগরি শিক্ষা বোর্ডের পরিস্থিতি আরও উদ্বেগজনক। এ বছর এই বোর্ডে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৫৪ শতাংশের বেশি পরীক্ষার ফরম পূরণই করেননি। শুধু উচ্চমাধ্যমিক নয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরেও অনিয়মিত উপস্থিতির প্রবণতা দেখা যাচ্ছে। একটি সমীক্ষার তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চলে প্রাথমিক পর্যায়ে প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী নিয়মিত স্কুলে উপস্থিত থাকে না বলেও তথ্য সূত্রে জানা গেছে।
বাজেট বাড়লেও কমছে না শিক্ষার্থীদের ঝরে পড়া