নোয়াখালীর কোম্পানীগঞ্জে সীমানা বিরোধ নিষ্পত্তির সালিশি বৈঠকে সাইদুল ইসলাম শাহিন নামে এক যুবককে গলায় লোহার রড গেঁথে বর্বরোচিতভাবে হত্যার দায়ে দুই আসামিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে মামলার প্রধান অভিযুক্তকে যাবজ্জীবন এবং অন্য এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে
সালিশে যুবককে রড গেঁথে হত্যা, প্রধান আসামির যাবজ্জীবন
১৪ সেপ্টেম্বর নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মো. সাইফুল ইসলাম ওরফে রুবেল এবং একই এলাকার নূর উদ্দিন ওরফে মো. শমীর। আদালত প্রধান আসামি রুবেলকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড) দেন। অপরদিকে নূর উদ্দিন শমীরকে ৩০৭ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়। অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় সিরাজ আলম, কাজুলী বেগম, রোকসানা বেগম ও আফরোজা বেগমকে খালাস দেন আদালত।
নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ আগস্ট দুপুরে চরকাঁকড়া ইউনিয়নে সীমানা বিরোধ ও একটি কড়ই গাছ কাটাকে কেন্দ্র করে আয়োজিত সালিশি বৈঠকে প্রতিপক্ষের লোকজন সাইদুল ইসলাম শাহিনের ওপর হামলা চালায়। একপর্যায়ে শাহিনের গলায় লোহার রড গেঁথে দিলে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) তাপসকর হোসেন মো. খায়রুল ওয়ালা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে সাজা পরোয়ানাসহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।