লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান হাউস অব লর্ডসের সদস্য হলেন

Total Views : 16
Zoom In Zoom Out Read Later Print

যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য হিসেবে শপথ নিয়েছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান। এর মাধ্যমে তিনি ‘লর্ড খান অব টুটিং’ উপাধি পেয়েছেন। একই সঙ্গে লন্ডনের মেয়রের দায়িত্বও পালন করে যাবেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লেবার পার্টির নতুন সদস্য লর্ড রবার্তো নেরির সঙ্গে সাদিক খানও হাউস অব লর্ডসে শপথ নেন। পরিবারের সদস্য ও লন্ডনের কয়েকজন লেবার এমপির উপস্থিতিতে ঐতিহ্যবাহী এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাদিক খানের পিয়ার উপাধিটি তাঁর জন্মস্থান টুটিংয়ের নামে দেওয়া হয়েছে। লন্ডনের দক্ষিণাঞ্চলের এই এলাকা থেকেই তিনি ১১ বছর এমপি ছিলেন। রাজনীতিতে আসার আগে তিনি মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারের পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

 

২০১৬ সালে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন সাদিক খান। ২০০০ সালে বর্তমান মেয়র ব্যবস্থা চালুর পর থেকে তিনিই এই পদে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী মেয়র। তাঁর বর্তমান মেয়াদ ২০২৮ সালে শেষ হবে।

 

সাদিক খান লন্ডনের প্রথম মুসলিম মেয়র। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে বিনামূল্যে স্কুল খাবার, গণপরিবহন উন্নয়ন, বায়ুদূষণ কমানো এবং তরুণদের জন্য সুযোগ তৈরির মতো বিভিন্ন উদ্যোগের কথা তিনি তুলে ধরেছেন।

 

হাউস অব লর্ডসের সদস্য হলেও সাদিক খানকে লন্ডনের মেয়রের পদ ছাড়তে হচ্ছে না। তিনি একই সঙ্গে মেয়র ও লাইফ পিয়ার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। লর্ড হিসেবে তিনি লন্ডনের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

 

তবে অতীতে হাউস অব লর্ডসের বর্তমান কাঠামো বিলুপ্ত করার পক্ষে মত দেওয়ায় তাঁর নতুন এই ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। লর্ড হওয়ার পর তিনি নিজেই এখন উচ্চকক্ষের সদস্য হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের কার্যক্রমে অংশ নেবেন। তথ্যসূত্র: বিবিসি

See More

Latest Photos