আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমাটি এবার ইতালির ২২তম লুক্কা চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর জানান নির্মাতা নিজেই। পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সুমিত জানান, তাসকানি থেকে আসা এই খবর তাদের জন্য বিশেষ আনন্দের। তার মতে, আন্তর্জাতিক উৎসবে এমন স্বীকৃতি ‘মাস্টার’-এর গল্পের সর্বজনীনতা ও প্রাসঙ্গিকতাকে আরও একবার সামনে এনেছে। প্রতিযোগিতা বিভাগে বেশ কয়েকটি শক্তিশালী সিনেমার সঙ্গে লড়াই করে জুরি বোর্ডের নির্বাচনে সেরা হয়েছে বাংলাদেশের এই সিনেমা। লুক্কা উৎসবের জুরি বোর্ডের মতে, একটি স্থানীয় গল্পের মাধ্যমে বর্তমান বিশ্বের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংকটকে তুলে ধরতে পেরেছে ‘মাস্টার’। সিনেমাটিতে একজন শিক্ষকের আদর্শ, সামাজিক ন্যায়বিচারের প্রতি তার দায়বদ্ধতা এবং ব্যক্তিস্বার্থনির্ভর রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে তার সংঘাতের গল্প উঠে এসেছে। শেষ পর্যন্ত দুর্নীতির কাছে তার নতি স্বীকারের মধ্য দিয়ে বাস্তবতার একটি তিক্ত দিকও তুলে ধরা হয়েছে।
ইতালিতে সেরার পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা ‘মাস্টার' দেশে এখনো মুক্তি পায়নি,