কুমিল্লার দাউদকান্দিতে প্রাতঃভ্রমণে বের হয়ে অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় নিহত দম্পতি, চালক শনাক্তে তদন্ত
নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে প্রাতঃভ্রমণের উদ্দেশে বাড়ি থেকে বের হন এই দম্পতি। হাঁটার একপর্যায়ে তাঁরা মহাসড়কের হরিপুর মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে তাঁরা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাঁদের রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক যানবাহনটি শনাক্ত ও চালককে আটক করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।