বগুড়ার সারিয়াকান্দিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
বগুড়ায় স্কুলছাত্রী অপহরণের আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার, কিশোরী উদ্ধার
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া এলাকার বেরন রোডে অভিযান চালিয়ে মো. শহিদ মন্ডল (২০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআরবি-১২-এর বগুড়া ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি এবং এসআরবি-৪-এর সাভারের নবীনগর ক্যাম্প যৌথভাবে অংশ নেয়।
গ্রেপ্তার শহিদ মন্ডল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বরইকান্দি মাস্টারপাড়া এলাকার কেরু মন্ডলের ছেলে।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া কিশোরী সারিয়াকান্দির নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মামলার অভিযোগে বলা হয়েছে, স্কুলে যাতায়াতের পথে শহিদ মন্ডল তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।
অভিযোগ অনুযায়ী, গত ১১ আগস্ট সকালে ওই কিশোরী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে অপহরণের অভিযোগে থানায় মামলা করেন। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সারিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে প্রধান অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় বলে জানিয়েছে এসআরবি।
অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।