পারমাণবিক বিস্ফোরণ ঘটলে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন, সে বিষয়ে নাগরিকদের জন্য সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত প্রায় আট মিনিটের ওই ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত থেকে শুরু করে তেজস্ক্রিয় ধুলা থেকে সুরক্ষা এবং নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) ভিডিওটি প্রকাশ করে। দেশটির বার্ষিক ‘প্যাসিভ ডিফেন্স সপ্তাহ’-এর অংশ হিসেবে এটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।
ভিডিওতে পাঁচটি প্রধান সতর্কতার কথা তুলে ধরা হয়েছে।
বিস্ফোরণের আলো থেকে চোখ সরিয়ে আশ্রয় নিতে হবে
নির্দেশনায় বলা হয়েছে, বিস্ফোরণের তীব্র আলোর দিকে সরাসরি তাকানো যাবে না। সঙ্গে সঙ্গে শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নিতে হবে। এরপর মাটিতে উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখতে হবে। বিস্ফোরণের ধাক্কা বা শকওয়েভ না থামা পর্যন্ত এ অবস্থায় থাকতে হবে।
ধাক্কা থামলে ভবনের ভেতরে যেতে হবে
বিস্ফোরণের ধাক্কা থেমে গেলে কাছের কোনো মজবুত ভবনে আশ্রয় নিতে হবে। ভবনের জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখা বা ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। গাড়িকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
তেজস্ক্রিয় ধুলা থেকে শরীর পরিষ্কার করতে হবে
বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় ধুলা শরীর ও পোশাকে লেগে থাকতে পারে। তাই খোলা ত্বক কুসুম গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। চুল পরিষ্কারে সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে বলা হয়েছে, কন্ডিশনার নয়। গোসলের সুযোগ না থাকলে মুখ, হাত ও শরীরের খোলা অংশ পানি বা ভেজা টিস্যু দিয়ে মুছে নিতে হবে।
অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়ে থাকতে হবে
নির্দেশিকায় বলা হয়েছে, বিস্ফোরণের পর অন্তত ২৪ ঘণ্টা নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে। এ সময় পান করার জন্য বোতলজাত পানি এবং খাবারের জন্য প্যাকেটজাত খাদ্য ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশ ছাড়া বাইরে বের হওয়া যাবে না
২৪ ঘণ্টা পার হলেই আশপাশের পরিবেশ নিরাপদ—এমনটি ধরে নেওয়া যাবে না। কখন এবং কোন পথে বাইরে যাওয়া নিরাপদ, তা জানতে সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচার অনুসরণ করতে হবে। তবে আশ্রয় নেওয়া ভবনে আগুন লাগলে বা ভবন ধসে পড়ার আশঙ্কা থাকলে আরও নিরাপদ স্থানে সরে যেতে হবে।
নির্দেশিকার মূল বার্তা হলো, বিস্ফোরণের সময় দ্রুত আত্মরক্ষার ব্যবস্থা নেওয়া, উপযুক্ত ভবনে আশ্রয় নেওয়া এবং সরকারি নির্দেশনা মেনে চলা। নিরাপদ হওয়ার ঘোষণা না পাওয়া পর্যন্ত বাইরে বের না হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইরানের এই নির্দেশিকা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা চলছে। তবে ভিডিও প্রকাশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো হামলার সরাসরি যোগসূত্র রয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি।