রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে চার যাত্রী নিহত হন এবং দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।