calendar_today শনিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ • ২১ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
নারীদের ক্যান্সার প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের ◆ দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি ◆ গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত ◆ বরগুনায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ◆ সিলেটে গানপাউডার দিয়ে চারটি বাসে দুর্বৃত্তদের আগুন ◆ রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ঘিরে নজর, গাজা মামলায় প্রভাব পড়ার ইঙ্গিত ◆ অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর: ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’ ◆ যুদ্ধ চললে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরও বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী ◆ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী ◆ তুরাগ থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◆ উসকানিতে পা না দিয়ে কর্মস্থল ও গার্মেন্ট শিল্প রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর ◆ চট্টগ্রামে ড. ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন, একাধিক বাসভবনে পুলিশের অভিযান
home হোম / জাতীয় / নারীদের ক্যান্সার প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

নারীদের ক্যান্সার প্রতিরোধে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে দেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ • বিকাল ০৫:১৯
history আপডেট: ৯ ঘণ্টা আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ১ বার পঠিত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান নারীদের ক্যান্সার প্রতিরোধ এবং তা মোকাবিলায় তাঁদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


তিনি বলেন, ‘ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। আমাদের লক্ষ্য হলো—প্রতিরোধযোগ্য বিষয়গুলোকে প্রতিরোধ করা, দ্রুত রোগ নির্ণয়, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতিরোধযোগ্য দুর্ভোগ কমিয়ে আনা। কোনো রোগীই যেন চিকিৎসাসেবার বাইরে না থাকেন।’


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক কংগ্রেস বৃহস্পতিবার শুরু হয়েছে, যা আজ শুক্রবার (২০ নভেম্বর) শেষ হবে। সম্মেলনে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় এক হাজার বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিস্ট), স্বাস্থ্যসেবা পেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। কংগ্রেসে তাঁরা ক্যান্সার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করছেন।


ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী। আমাদের মা-বোনদের প্রাণঘাতী ক্যান্সার থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।


তিনি বলেন, ‘আমাদের শহর ও গ্রামের লাখ লাখ নারী নীরবে যন্ত্রণায় ভোগেন; পরিবারের অন্যান্য প্রয়োজনকে অগ্রাধিকার দিতে গিয়ে তাঁদের স্বাস্থ্যসেবার বিষয়টি তালিকার একেবারে তলানিতে পড়ে থাকে।’ এ পরিস্থিতি পরিবর্তনে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।


তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রত্যেক মানুষ মর্যাদা ও সম্মানের সঙ্গে চিকিৎসা পাবেন এবং ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় সবার স্বাস্থ্যকে সমান গুরুত্ব দেওয়া হবে।’ সঠিক সময়ে স্বাস্থ্যসেবা পাওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন নারীর বেঁচে থাকার অধিকার তিনি কোথায় বসবাস করেন, তার ওপর নির্ভর করতে পারে না।


ডা. জুবাইদা স্কুল-কলেজের ভেতরে ও বাইরে—সর্বত্রই মেয়েদের জন্য টিকাদান কর্মসূচি নিশ্চিত করার এবং শহর ও গ্রামের সব প্রান্তের নারীদের জন্য ক্যান্সার স্ক্রিনিং বা প্রাথমিক শনাক্তকরণ সেবা সম্প্রসারণের আহ্বান জানান।


তিনি বলেন, স্ক্রিনিংয়ে ক্যান্সারের সম্ভাব্য লক্ষণ পাওয়া গেলে যথাযথ রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নারীরা যাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে চিকিৎসাসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সে জন্য সাশ্রয়ী চিকিৎসা, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা অপরিহার্য। স্বাস্থ্যসেবাকে কেবল বিশেষায়িত কেন্দ্রগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুল, কমিউনিটি ক্লিনিক এবং স্থানীয় হাসপাতালগুলোর মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপরও জোর দেন তিনি।


ডা. জুবাইদা রহমান বলেন, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দলগুলো নারীদের সচেতন করতে, স্ক্রিনিং প্রক্রিয়ায় সহায়তা করতে এবং তাঁদের প্রয়োজনীয় রেফারেল পরিষেবার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সবার জন্য ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকার, স্বাস্থ্যসেবা পেশাজীবী, ক্যান্সারজয়ী ব্যক্তি, সুশীল সমাজ ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের সাফল্য পরিমাপ করতে হবে—কতজন মেয়েশিশুকে টিকার আওতায় আনা হয়েছে, কতজন নারীকে স্ক্রিনিং করা হলো, কতজনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলো, কতজন রোগী সময়মতো চিকিৎসা পেলেন এবং কতটি পরিবার অসহনীয় চিকিৎসাব্যয়ের চাপ থেকে সুরক্ষা পেল, তার ভিত্তিতে।