ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ এবং তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন হেফাজতে নিয়েছে। এ ঘটনা ইতালি প্রবাসীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদ করা তিন প্রবাসী বাংলাদেশি হলেন—ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভেনিসে পুলিশের একটি কার্যালয়ে ডেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় একজন বাংলাদেশি দোভাষী উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
তদন্ত চলমান থাকায় এবং ইতালির আইনি বিধিনিষেধের কারণে পুলিশ কিংবা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তবে একটি গণমাধ্যমের পাওয়া তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় তিনজনের মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। কী কারণে ফোনগুলো নেওয়া হয়েছে বা সেগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে যান ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৮ সেপ্টেম্বর গভীর রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় স্বজনদের সঙ্গে অবস্থানকালে একদল ইতালি প্রবাসী তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে অভিযোগ জানান বাঁধন এবং পরে স্থানীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।