স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে তা জানা না থাকলেও সীমান্তের এপারে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙে গেছে (ফ্র্যাকচার)। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিলেও কারও কারও দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে। দায়িত্ব পালনে নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ আহত সদস্যদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।
পুলিশ সদস্যদের ধৈর্যের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরির শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকেন। শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও মজলুম শ্রমিক ভাই-বোনদের ওপর আঘাত করেননি, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বার্তা কী থাকবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে এবং পরিস্থিতি সামাল দেওয়াই তাদের কাজ। যেকোনো সময় অস্থিরতা সৃষ্টি হতে পারে—এমন প্রস্তুতি নিয়েই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের ঘোষণাকে শ্রমিকেরা স্বাগত জানিয়েছেন এবং তাঁরা শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন, যা সফল হবে না বলে তিনি মনে করেন। এ ছাড়া সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে দেশের দু-একটি জায়গায় মিছিল বা জ্বালাও-পোড়াওয়ের যে খবর শোনা যাচ্ছে, সেগুলোকে অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন তিনি।