যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও এমবিএ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা। ‘অক্সফোর্ড-পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৭’-এর আওতায় নির্বাচিত সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থী দুই বছর মেয়াদি বিশেষ কর্মসূচিতে পড়াশোনার সুযোগ পাবেন। বৃত্তির আওতায় উভয় ডিগ্রির সম্পূর্ণ টিউশন ফি এবং প্রতি বছর জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য কমপক্ষে ২১ হাজার ৮০৫ পাউন্ড দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২০২৭ সালের ৬ জানুয়ারির মধ্যে এমবিএ কর্মসূচিতে আবেদন করতে হবে। তবে পছন্দের মাস্টার্স কোর্সের জন্য সংশ্লিষ্ট বিভাগের নির্ধারিত সময়সীমার মধ্যেও আলাদা আবেদন করতে হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়। ২০১৪ সালে চালু হওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য হলো এমন নেতৃত্ব তৈরি করা, যারা ব্যবসা, উদ্ভাবন ও সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশ্বের বড় বড় সমস্যার টেকসই সমাধান করতে পারবেন।
এ বৃত্তির বিশেষত্ব হলো, শিক্ষার্থীরা অক্সফোর্ডের নির্ধারিত অংশীদার বিভাগগুলোর যেকোনো একটি এক বছর মেয়াদি মাস্টার্স কোর্সের সঙ্গে এক বছর মেয়াদি এমবিএ সম্পন্ন করতে পারবেন। এ কর্মসূচি ‘১+১ এমবিএ’ নামে পরিচিত। প্রতি বছর সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থী এ বৃত্তির সুযোগ পান। নির্বাচিতদের দুই বছরের কোর্স ফি সম্পূর্ণ বহন করা ছাড়াও প্রতি বছর কমপক্ষে ২১ হাজার ৮০৫ পাউন্ড জীবনযাত্রার ভাতা দেওয়া হবে।
আর্থিক সুবিধার পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নেতৃত্ব বিকাশ, পরামর্শ গ্রহণ, আন্তর্জাতিক সম্মেলন, নেটওয়ার্কিং এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকবে। বিভিন্ন খাতের প্রতিষ্ঠিত উদ্যোক্তা, উদ্ভাবক ও নেতাদের সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থাও রয়েছে।
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের একাডেমিক ফলাফল ভালো হওয়ার পাশাপাশি নেতৃত্বের অভিজ্ঞতা ও সম্ভাবনা থাকতে হবে। একই সঙ্গে সামাজিক ও বৈশ্বিক সমস্যা সমাধানে কাজ করার আগ্রহ, ব্যক্তিগত সততা, দৃঢ় প্রত্যয় এবং বড় পরিসরে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিবর্তন আনার পরিকল্পনা থাকতে হবে। আবেদনকারীকে বোঝাতে হবে, অক্সফোর্ডের ১+১ এমবিএ কর্মসূচি তার ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে কীভাবে ভূমিকা রাখবে।
বৃত্তির জন্য নির্বাচিত হতে হলে প্রার্থীকে প্রথমে নির্ধারিত মাস্টার্স কোর্স এবং অক্সফোর্ড এমবিএ—উভয় কর্মসূচিতে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ শুধু বৃত্তির আবেদন করলেই হবে না, দুটি কোর্সের জন্যই আলাদা আবেদন করতে হবে। উভয় কর্মসূচিতে ভর্তির প্রস্তাব পাওয়ার পরই বৃত্তির জন্য বিবেচিত হওয়ার সুযোগ তৈরি হবে। অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীরা এ বৃত্তির জন্য বিবেচিত হবেন না।
আবেদনের ক্ষেত্রে অক্সফোর্ড এমবিএর অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি পছন্দের মাস্টার্স কোর্সের জন্য সংশ্লিষ্ট বিভাগের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। এমবিএর আবেদনপত্রের ‘ফান্ডিং’ অংশে পার্শিং স্কয়ার স্কলারশিপের জন্য আগ্রহ প্রকাশ করতে হবে এবং সর্বোচ্চ ৫০০ শব্দের একটি প্রবন্ধ জমা দিতে হবে। প্রবন্ধের বিষয়—‘আপনি কীভাবে বিশ্বকে পরিবর্তন করতে চান এবং এ পরিকল্পনা একজন ব্যক্তি হিসেবে আপনার সম্পর্কে কী ধারণা দেয়?’
আবেদনকারীদের প্রবন্ধে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্বের সক্ষমতা এবং বৈশ্বিক সামাজিক সমস্যার সমাধানে কী ধরনের ভূমিকা রাখতে চান, তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি একাডেমিক অর্জন, পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণও আবেদনে গুরুত্ব পাবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সীমা অনুযায়ী, ২০২৭ সালের ৬ জানুয়ারির মধ্যে ১+১ এমবিএ কর্মসূচির আবেদন সম্পন্ন করতে হবে। পছন্দের মাস্টার্স কোর্সের আবেদন সংশ্লিষ্ট বিভাগের নিজস্ব সময়সীমা অনুযায়ী ডিসেম্বর ২০২৬ অথবা জানুয়ারি ২০২৭-এর মধ্যে জমা দিতে হবে। তাই আগ্রহী শিক্ষার্থীদের মাস্টার্স কোর্সের আবেদনের শেষ তারিখ আগেই যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃত্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নির্ধারিত কোর্সের তালিকা জানা যাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলের অফিশিয়াল ওয়েবসাইটে।