ভেঙে পড়েছে খুঁটি কালবৈশাখীর তাণ্ডবে , বিদ্যুৎহীন ১৬ গ্রাম

Total Views : 13
Zoom In Zoom Out Read Later Print

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার মৃগা ইউনিয়নের অন্তত ১৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে হঠাৎ বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে মৃগা ইউনিয়নে একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং অনেক জায়গায় তার ছিঁড়ে যায়। এতে গভীর রাত থেকেই পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে পুরো ইউনিয়ন অন্ধকারে নিমজ্জিত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। 

এদিকে আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে ঘটনার খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। তিনি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

ইউএনও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দিয়েছি। মানুষের ভোগান্তি কমাতে আমরা তৎপর রয়েছি।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, খুঁটি ভেঙে পড়ায় এবং জলাশয় বেষ্টিত এলাকা হওয়ায় সরঞ্জাম পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে ইতোমধ্যেই বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামত কাজের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সবকিছু ঠিক থাকলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

See More

Latest Photos