জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওইদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
সব পোশাক কারখানা বন্ধ ,৫ আগস্ট
বিজিএমইএ এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে যেহেতু পোশাক কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী বছরের শুরুতে নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির বাইরে আলাদা কোনো সাধারণ ছুটিতে বাধ্য নয়, তাই ৫ আগস্টের ছুটি আইনগতভাবে আবশ্যিক নয়।
সংগঠনটি আরও বলেছে, শহীদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা সংশ্লিষ্ট সব পোশাক কারখানাকে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে কারখানা বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।