‘যাদের ক্ষমতা আছে, আইন তাদের পক্ষে কাজ করে’: জামায়াত নেতা সেলিম উদ্দিন

Total Views : 16
Zoom In Zoom Out Read Later Print

দেশে সাধারণ মানুষের অসহায়ত্বের চিত্র তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বর্তমানে ক্ষমতাশালীদের পক্ষেই আইন পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষ শোষণের শিকার হচ্ছে মন্তব্য করে তিনি জনগণকে এমন নেতৃত্বের হাতে দায়িত্ব সোপর্দ করার আহ্বান জানান, যারা তাদের কষ্ট ও সমস্যা সমাধান করতে সক্ষম।

আজ শনিবার (১০ অক্টোবর) সকালে বনানী মডেল হাই স্কুল মাঠে গুলশান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে কড়াইল এলাকার অধিবাসীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশারি বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট সমাজসেবক ড. এস এম খালিদুজ্জামানের সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দেশের বিদ্যমান স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতার সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, সাধারণ মানুষ এখনো সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। উন্নত বিশ্বের মতো সর্বজনীন ও সুশৃঙ্খল চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, বাসাবাড়ি ও আশপাশে যেন কোথাও পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন তিনি।

জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেলিম উদ্দিন আরও বলেন, ভবিষ্যতে জামায়াত সিটি করপোরেশন বা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সমাজ থেকে বৈষম্য ও দুঃখ-কষ্ট দূর করা হবে। একই সাথে আগামী দিনে জনগণ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে সৎ ও খোদভীরু মানুষদের নেতৃত্ব বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গুলশান পশ্চিম থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এছাড়াও মহানগরী ও স্থানীয় থানা পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

See More

Latest Photos